যৌতুকের জন্য স্ত্রীকে অকটেন ঢেলে পুড়িয়ে হত্যা

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছোঁড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আকতার (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই গৃহবধূ।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে নাজমা আকতারের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে নাজমা আকতারের ভাই বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

এদিকে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় নাজমা আকতারের স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নাজমা আকতারের সঙ্গে বিয়ে হয় আবদুল জব্বারের। বিভিন্ন সময়ে বিদেশে যাওয়ার জন্য টাকার জন্য নাজমা আকতারকে চাপ দিত আবদুল জব্বার। শুক্রবার রাতে নাজমা আকতারের বাবার বাড়ি দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে স্বামী আবদুল জব্বারের সঙ্গে ঝগড়া লাগে। এ সময় নাজমা রান্নাঘরে রান্না করছিলেন। ঝগড়ার একপর্যায়ে স্বামী আবদুল জব্বার আগে থেকে এনে রাখা অকটেন স্ত্রীর দিকে ছুঁড়ে মারে। এ সময় জলন্ত চুলায় অকটেন পড়ে নাজমা আকতারের শরীরেও আগুন জ্বলে উঠে। এতে নাজমা আকতারের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়।

পরে নাজমাকে উদ্ধার করে স্বজনরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান নাজমা আকতার।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আকতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই মামলা করেছেন। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।