চন্দনাইশে হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মাহমুদুল হাসান, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মো. আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম এবং হাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম বদন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. শ্রী রাম আচার্য্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব রাজু দাশ, ডা. বিধান ধর, খোকন ধর, পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, কৃষ্ণ ধর, এটিও বিকাশ ধর, বিজয় কৃষ্ণ ধর, দেবব্রত পাল দেবু, ত্রিদীপ কুমার ধর, শংকর ধর, চন্দ্র ধর, রানা ধর, শান্ত ধর, জয় ধর, যীশু ধর, শিমুল ধর, শাওন ধর, মনতোষ ধর, সৌরভ ধর, বরুন ধর, অভি চৌধুরী, রিমন ধর ও জয়ন্ত ধর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলে এই চন্দনাইশকে একটি শান্তি ও সম্প্রীতির মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমার টিম মেম্বার যদি সৎ না হয়, যদি হক-হালাল না চিনে, তাহলে আমি কাজ করতে পারব না। তাই একজন সৎ যোগ্য মানুষকে আপনারা মেয়র নির্বাচিত করবেন। আপনাদের জন্য যা যা করে দিতে হয়, আমি করে দেব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকায় কোনো কিছুর অভাব থাকবে না। মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সে ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত পক্ষ থেকে চন্দনাইশের প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের উন্নয়নে তিন লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত