বছরশেষে বড় চমক নিয়ে হাজির হলেন ওপার বাংলার ছোটপর্দার জনপ্রি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তোমায় ভালোবেসে’তে নায়িকা হিসাবে ফিরছেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত এক ফার্স্ট লুকে দেখা গেছে তাকে। চমক হিসাবে তেমনই ইঙ্গিত মিলেছে।
তবে এবার নাকি নায়িকার নায়ক মিলছে না। তাই আপাতত প্রচার ঝলকটুকুই ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে— ‘রানী রাসমণি’র ‘রানিমা’ এবার এই প্রজন্মের প্রতিনিধি। আর এ ধারাবাহিকের প্রযোজনায় থাকছে এসভিএফ।
এ বিষয়ে প্রযোজক অদিতি রায় বললেন, দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য অভিনেতাদের লম্বা লাইন লেগেছে। তাদের মধ্যে থেকে কেউ একজন নির্বাচিত হবেন। তবে শেষ হাসি কে হাসবে, সেটিই দেখার বিষয়।
কবে থেকে ধারাবাহিকের শুটিং শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়। তার মতে, এখনো বাকি অভিনেতাদের নির্বাচন করা হয়নি। ফলে শুটিং শুরু হতে আগামী বছর।
এদিকে কথা বলেছেন দিতিপ্রিয়াও। দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিকের গল্পেও অভিনবত্ব রয়েছে। পূর্বজন্মের গল্পের সঙ্গে এই প্রজন্মের ভাবনার মিলন। একুশ শতক আগের প্রজন্মের থেকে ভাবনায় অনেকটাই আলাদা হবে এবারের 'তোমায় ভালোবেসে' ধারাবাহিকে। আগের প্রজন্ম যেন পরার্থে নিবেদিত। এই প্রজন্ম নিজেকেও ভালোবাসতে জানে। বিশ্বাস— নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায়। দিতিপ্রিয়া তেমনই ভাবনায় বিশ্বাসী এক তরুণী।
আবারও ছোটপর্দায় কেন, এমন প্রশ্নের উত্তরে দিতিপ্রিয়া বলেন, হাতে প্রচুর কাজ। তারপরও রাজি হয়েছি দুটো কারণে। এক জি বাংলার ধারাবাহিক। এই চ্যানেলের সেট ও স্টুডিও আমার ঘরবাড়ি বলতে পারেন।
একইভাবে এসভিএফের সঙ্গেও একাধিক কাজ তার। দুটো ক্ষেত্রেই তাই ‘ঘর ওয়াপসি’ ঘটছে। পাশাপাশি প্রযোজনা সংস্থা কোনো চাপ না দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। ফলে তিনি ‘না’ বলার কোনো কারণ দেখতে পাচ্ছেন না।