শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন  

নতুন চমকের প্রত্যাশায় দর্শক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট-এর  চলমান পঞ্চম সিজন শেষ হওয়ার ঘোষণা দিলেন পরিচালক কাজল আরেফিন অমি।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় অমি জানান, ১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হতে যাচ্ছে এই সিজন। যেখানে অনেক চমক থাকবে দর্শকের জন্য।  তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’

তবে শেষ চ্যাপ্টারটি কত তারিখে মুক্তি পাবে, সেটা এখনই জানাননি নির্মাতা অমি। অমির এই ঘোষণায় বিপুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মনে। পোস্ট দেয়ার আধা ঘণ্টারও কম সময়ে প্রায় সাড়ে ৮ হাজার প্রতিক্রিয়া এসেছে, মন্তব্যও ছাড়িয়েছে পাঁচশ। আর ভিডিওটির ভিউ প্রায় এক লাখ। দর্শকের কেউ ‘রোকেয়া’কে দেখতে চাইছেন, কেউ শিমুলকে দেখতে চাইছেন, কেউ আবার জানতে চাইছেন, পঞ্চম সিজন শেষ হওয়ার পর কি ষষ্ঠ সিজন আসবে? যদিও এসব নিয়ে আপাতত কিছুই বলছেন না নির্মাতা।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার প্রমুখ। আছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ অনেক অভিনয়শিল্পী।

সর্বশেষ সর্বাধিক পঠিত