ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান

ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের সোহানুর জামান নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার সকালে নিহত নয়নের শোকাহত পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটার নয়নের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতারা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবনবাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে। সোহানুর জামান নয়ন, তার মধ্যে অন্যতম। চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর জামান নয়ন। দেশের স্বার্থে নিজের জীবনবাজি রেখে শহীদ হয়েছেন নয়ন, সচিবালয়ের যে ফ্লোরে আগুন লেগেছিল, সেখানে গুরুত্বপূর্ণ ফাইল ছিল।’

নিহত ফায়ার ফাইটার নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামোদি করছে। এখনো দেশের সব গুরুত্বপূর্ণ জায়গায় হাসিনার দোসরগুলো আছে। তারা চক্রান্ত করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্পিরিট অক্ষুণœ রাখতে এখনো সোহানুর জামান নয়নরা জীবন দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আজকে হাসিনা ও তার পুত্র জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ দিয়েছে এফবিআই। আরও কত দুর্নীতি করেছে হাসিনা ও তার দোসররা আল্লাহ জানেন!’

বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি পৃথিবীর সব দেশই সহমর্মিতা জানিয়েছে। শুধু পাশের একটি দেশ ছাড়া।’

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি নয়নের কবর জিয়ারত করে। এ সময় নয়নের বাবা আখতারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।