গৃহবধূকে হত্যা করে লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার কন্যা।

নিহতের মা পারভীন বেগম বলেন, বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিক তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ জানান, এ ঘটনার অভিযোগে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।