হবিগঞ্জে আকিজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

গ্যাসের চাপ পরীক্ষার সময় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হন। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের কাছে আকিজ ভেঞ্চার লিমিটেডের একটি কারখানায়। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই কোম্পানির একটি কারখানার অভ্যন্তরে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা চাঁদপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, বিস্ফোরণে কারখানার চাল উড়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে মিজান ও মাহফুজ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথে প্রকৌশলী রিয়াজ উদ্দিনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফয়সল মিয়া।

বিস্ফোরণের সময় আশপাশের গ্রামের বাড়িঘরে আতঙ্ক দেখা দেয়। জালালাবাদ গ্যাস হবিগঞ্জ অফিসের ম্যানেজার মুরাদ হোসেন জানান, ওই কারখানায় এখনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। কোম্পানি নিজেরাই সিলিন্ডারের মাধ্যমে রেগুলেটরি মিটারিং স্টেশনে (আরএমএস) পরীক্ষা করার সময় এ ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি জানান, প্রকৌশলীসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন। এদিকে কোম্পানির লোকজন চারদিক ঘিরে রাখায় সাংবাদিকসহ কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না।