বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরে নতুন বছরে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা কমানো হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। নতুন দর আজ থেকেই কার্যকর হবে বলে গতকাল মঙ্গলবার রাতে জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
ঘোষিত দর অনুযায়ী ডিজেল কেরোসিনের দাম লিটার পতি ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অকটেন ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে গত ২০ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ফর্মুলার নির্দেশিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। ভর্তুকির চাপ এড়াতে ২০২২ সালের আগস্টে গড়ে ৪২ শতাংশ বাড়ানো হয় জজ্বালানি তেলের দাম। এরপর ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় সব জ¦ালানি তেলের লিটারে ৫ টাকা করে কমানো হয়।