যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনরত জনতার ভিড়ে ট্রাক নিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। আহত হয়েছেন অনেকে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ওই হামলাকে জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, ৪২ বছর বয়সী অভিযুক্তর গাড়ি থেকে ইসলামিক স্টেটের (আইএসের) পতাকা পাওয়া গেছে। গাড়িতে বিস্ফোরকও ছিল। শামসুদ-দিন জব্বার নামের ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি দেশটির সেনাবাহিনীর সাবেক সদস্য। সামরিক বাহিনীতে ১০ বছর মানবসম্পদ বিশেষজ্ঞ এবং পরে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। অবশ্য পরে তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়।
এফবিআই বলেছে, ওই অভিযুক্তকে নিয়ে তারা মানুষের কাছ থেকে আরও তথ্য চাইছে। এফবিআইয়ের সহকারী স্পেশাল এজেন্ট অ্যালিথিয়া ডানকান সাংবাদিকদের বলেন, আমরা মনে করি না, অভিযুক্ত একাই এ ঘটনা ঘটিয়েছে। আমরা প্রতিটি সূত্র ধরে তদন্ত করছি। অভিযুক্তের পরিচিত সহযোগীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এর পেছনে একাধিক মানুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের নথিতে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি হিউস্টনে আবাসন খাতে চাকরি করতেন। চার বছর আগে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, তার জন্ম ও বেড়ে ওঠা হিউস্টন থেকে ১৩০ কিলোমিটার দূরের বোমন্ট শহরে।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এনএন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে তিনি আইএসে যোগ দেওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএস একসময় ইরাক-সিরিয়ার অনেকখানি অংশ নিয়ন্ত্রণ করত। বিশেষজ্ঞদের মতে, এখনো তারা অনলাইনে সদস্য নিয়োগ করে।
নিউ অরলিন্সের পুলিশপ্রধান অ্যান কার্কপ্যাট্রিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি গাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে গাড়ির ভেতর থেকে পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করেন। এর ফলে দুজন পুলিশ কর্মী আহত হন। অভিযুক্তর কাছে একটি পিকআপ ট্রাক ছিল। সেটাই তিনি নববর্ষের অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর তুলে দেন।
পুলিশপ্রধান বলেছেন, ‘দুই পুলিশ কর্মকর্তার গায়ে গুলি লেগেছে। তবে তারা ভালো আছেন।’ তিনি জানিয়েছেন, এফবিআই এখন তদন্তের ভার নিয়েছে। আপাতত কাউকে ওই রাস্তায় না যাওয়ার উপদেশ দেন তিনি। তদন্ত ও সুরক্ষার জন্যই এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।
ঘটনাস্থলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি পাওয়ার কথাও জানান তিনি।
ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানে পুলিশের ব্যারিকেডও রাখা হয়েছিল। কিন্তু তারা যখন সাময়িকভাবে ব্যারিকেড সরাচ্ছিল, তখন অভিযুক্ত ব্যক্তি ট্রাক নিয়ে ঢুকে পড়েন।
পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলার ব্যবস্থা নেওয়া সত্ত্বেও অভিযুক্ত তার পরিকল্পনা অনুযায়ী হামলা চালাতে পেরেছেন।