দাপুটে জয়ে নতুন বছর শুরু কিংসের

গেলো বছরের শেষ দিনে বাংলাদেশ পুলিশের সাথে বেশ লড়াই করে জিততে হয়েছিল বসুন্ধরা কিংস। তিন দিনের মাথায় সেই পুলিশকে একই মাঠে হেসে খেলে হারালো তারা। বিপিএলে নতুন বছরে দাপট দেখিয়ে পাচ গোলের উৎসব করেছে তিতার দল। 

শুক্রবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে  কিংসের জয়ে জোড়া গোল করে ব্রাজিলিয়ান ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা।

দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেলো কিংস। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ৬।
আক্রমণের পসরা মেলে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিম লম্বা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। অরক্ষিত থাকা ফার্নান্দেজ দারুণ প্লেসিংয়ে খুঁজে নেন জাল।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা। ১৩ মিনিটে ইসা ইজেহর লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জনি। দারুণ ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের বুলেট গতির কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

৩৭তম মিনিটে ফাহিমের শট গোলরকিপারের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর বল যায় ফার্নান্দেজের কাছে। বক্সের জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোলে পুলিশের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় কিংস। দামাশেনোর বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে জনি বলে পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, নিখুঁত টোকায় স্কোরশিটে নাম তোলেন রাকিব। গত নভেম্বরের পর লিগে জালের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

৭৪ মিনিটে আল-আমিনের স্পট কিক বাম দিকে ঝাঁপিয়ে আটকে ক্লিনশিট ধরে রাখেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন পুলিশের প্যারাগুয়ের মোরেনো গুইতো। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মিগেল পুলিশের কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।

হ্যাটট্রিক জয়ের সুযোগ হারালো আবাহনী
বিপিএলে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিস এফসিকে হারাতে। বেশি সুযোগ পেয়েও তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে ফর্টিস। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।

কিংস অ্যারেনাতে আবাহনীর বিপক্ষে আক্রমণে এগিয়ে ছিল ফর্টিস। তাদেরকে অনেকটা চাপে রেখে গোল করার চেষ্টা করেও সফল হতে পারেনি ওমর-জয়রা। আকাশী-নীল জার্সিধারীদের গোলকিপার মিতুল মারমা আজও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রতিপক্ষের সুযোগগুলো নস্যাৎ করে দিতে তার জুড়ি নেই।

দুই সেনেগালিজের গোলে ব্রাদার্সের সহজ জয় 
মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে বীরশ্রেষ্ঠ  ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে। একটি করে গোল করেছেন সেনেগালের মোস্তফা দ্রামেহ ও চেইখ সেনে এবং সাজ্জাদ হোসেন। 

৬ ম্যাচে চতুর্থ জয় এবং একটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ফর্টিস তৃতীয় ড্রতে ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ব্রাদার্স ইউনিয়নও সমান ম্যাচে চতুর্থ জয়ে ১১ পয়েন্টে চারে।