জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না? কিন্তু নির্বাচন তো তাদের জন্য, যারা মানুষকে সম্মান করেন। যারা দেশবাসীকে ভালোবাসেন। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয়, তাদের কপালে নির্বাচন নেই। তারা তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে তা-ব চালিয়েছেন। তারা তো নির্বাচনেই বিশ্বাস করেন না, তাদের আবার কীসের নির্বাচন?
গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘দেশের মানুষের আমানত শ্বশুরবাড়ির নিয়ামত মনে করবেন না। নির্বাচন তাদের জন্য, যারা মানুষকে ভালোবাসে। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করব না। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না।’ তিনি আরও বলেন, ‘বিগত সরকার জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর-অফিস-আদালত লুট করে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয়, দেশপ্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের ওপরও এমন নির্র্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে। দেশের হাজারো আলেম-ওলামাকে হ্যান্ডকাপ পরিয়ে টেনেহিঁচড়ে জেলে নিয়ে গেছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন, আবার প্রয়োজনে কেড়ে নেন। মানুষের জন্য তাদের মায়া-ভালোবাসা ছিল না বলেই তারা আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সব শহীদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। সব আহতের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।’
জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলন সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সদ্যবিদায়ী সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলার আমির আবু তালেব মন্ডল, নাটোর জেলার নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহ-সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।