ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ ছাত্ররা অবাঞ্ছিত ও পাল্টা কমিটি ঘোষণা করেছে। ২৯৫ সদস্যের এ কমিটিতে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, যারা আন্দোলনের সময় জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এমন অছাত্রদের নিয়ে ‘পকেট কমিটি’ করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম তারা কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে।
এসময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সিয়াম খাঁনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।