এক সপ্তাহে মসজিদে নববিতে ৫৬ লাখ মুসল্লি

ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্রতম স্থান মদিনার মসজিদে নববি। গত সপ্তাহে ৫৬ লাখ মুসল্লি ও দর্শনার্থী এ মসজিদে আগমন করেছেন। সৌদি আরবের এ পবিত্র স্থানটিতে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, নির্বিঘ্ন সেবা ও পরিচর্যার মাধ্যমে এ বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি পরিচালনা করা হয়েছে।

মসজিদে নববির পরিচর্যার দায়িত্বে থাকা জেনারেল অথরিটি জানায়, এই সংখ্যার মধ্যে ৩ লাখ ৬৭ হাজার ৭২৯ জন রওজা শরিফ পরিদর্শন ও নামাজ আদায় করেছেন। সৌদি কর্র্তৃপক্ষ জানিয়েছে, রওজা শরিফে ভ্রমণের জন্য ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নারী ও পুরুষের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের এই পবিত্র স্থানে আসার আগে ইলেকট্রনিক বুকিং নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ে উপস্থিত হতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেনারেল অথরিটির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মসজিদে নববিতে ৪৬ হাজার ৭৩১ জন ভিন্ন ভাষাভাষী মুসল্লি বহুভাষিক যোগাযোগ সেবা গ্রহণ করেছেন। এর ফলে বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজ হয়েছে।

মসজিদে নববিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে ২৪ হাজার ২৫৬ লিটার জীবাণুনাশক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের জন্য ১ হাজার ৪৬০ টন জমজমের পানি সরবরাহ করা হয়েছে এবং ১ লাখ ৭৯ হাজার ৫৬টি ইফতারি বিতরণ করা হয়েছে।

পবিত্র মক্কার মসজিদে হারামে ওমরাহ পালন শেষে অনেক হাজি মদিনায় যান মসজিদে নববিতে নামাজ আদায় করতে এবং মহানবি (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করতে। তারা মদিনার অন্যান্য ইসলামি ঐতিহাসিক স্থানও ঘুরে দেখেন।

সৌদি আরবের সর্বাধুনিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সহায়তায় এ পবিত্র স্থানগুলোতে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

মসজিদে নববি পরিদর্শনের এই বৃহৎ সংখ্যাটি ইসলামের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও আকর্ষণের পরিচায়ক।