ইংরেজি ভাষা শিখতে হলে

আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব অপরিসীম। কোনো ভাষায় দক্ষতা অর্জন বলতে বোঝায় সে ভাষাতে যোগাযোগের চারটি দক্ষতা অর্জন করা। এই চারটি দক্ষতা হলোপড়া, লেখা, বলা ও শোনা। ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার উপায় জানিয়েছেন বিপুল জামান

পড়া

যেকোনো ভাষায় দক্ষতা অর্জনের জন্য প্রথমত, সেই ভাষার লেখা প্রচুর পড়তে হবে। পড়ার মাধ্যমে সেই ভাষার শব্দের সঙ্গে পরিচয় হয়, শব্দভাণ্ডার বাড়ে। সে ভাষার মানুষ কীভাবে পরস্পরের সঙ্গে কথা বলে, ভাব বিনিময় করে তা জানা যায় সে ভাষায় রচিত সাহিত্য পড়ার মাধ্যমে। জানা যায় তাদের সংস্কৃতি আচার ব্যবহার। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্যও তাই ইংরেজি মাধ্যমে রচিত সাহিত্য ও আর্টিকেল পড়তে হবে। নিউজ পেপারের আর্টিকেল ও নিউজ, ইংরেজি গল্প, উপন্যাসের বই ইত্যাদি পড়ার অভ্যাস করতে হবে। পড়ার মাঝে কোনো শব্দের অর্থ জানতে অভিধানের সহায়তা নাও। রিডিং স্কিল বাড়াতে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও অবশ্যই পড়। বই বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দাও। যে বিষয় তোমার ভালো লাগে সে বিষয়ের বই-ই পড়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে ‘লার্ন ইংলিশ’ অপশনে গিয়ে ইংরেজি শিখতে পার যত ইচ্ছা তত।

লেখা

লেখায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে অনুশীলনের বিকল্প

নেই। এতে পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞানভাণ্ডার ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। সৃজনশীলভাবে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। ডায়েরি লেখা হতে পারে একটি ভালো অনুশীলন। প্রতিদিন ইংরেজিতে ডারেরি লিখে কাউকে দেখাতে পার। এর মাধ্যমে লেখার ভুলগুলো শুধরে যাবে। কোনো একটা বিষয় বাছাই করে পাঁচ মিনিট সেই বিষয়ের ওপর লেখার চেষ্টা কর। শুরুতে ভালো না হলেও হতাশ হওয়ার দরকার নেই। ধীরে ধীরে উন্নতি হবে। সঠিক বানানে লেখার অভ্যাস করতে হবে।

বলা

ভাষার দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয় বলার ক্ষেত্রে। কারণ, নতুন কোনো দেশে যোগাযোগ করতে হলে প্রথমেই যোগাযোগের এই দক্ষতাটি কাজ লাগে। ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে বলতে বারবার অনুশীলনের বিকল্প নেই। নির্দিষ্ট বিষয় বাছাই করে পাঁচ মিনিট নিজে বলার চেষ্টা কর। শুরুতে অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে বলার অভ্যাস তৈরি হবে। এতে নিজের শব্দভাণ্ডার এবং উচ্চারণের উন্নতি হবে। বলার সময় আমরা বাংলায় ভেবে তারপর ইংরেজিতে মনে মনে অনুবাদ করি, ভুল উচ্চারণ আর গ্রামারসহ প্রেজেন্ট করি। এটা না করে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলার চেষ্টা করলে এক সময় দ্রুত এবং নির্ভুল বলা সম্ভব হবে।

শোনা

শোনার দক্ষতা অর্জনের জন্য রেডিও ও টেলিভিশনের ইংরেজি চ্যানেল দেখার ও শোনার অভ্যাস করতে পার। বর্তমানে ইউটিউবে ইংরেজি শেখার বিভিন্ন চ্যানেল রয়েছে। সেখানে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে। এসব ইংরেজি শেখার ভিডিও টিউটোরিয়ালগুলো বেশ কাজ দেয়। এ ছাড়াও ইংলিশ মুভি, টিভি সিরিজ এবং শিক্ষণীয় অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে। লিসনিং স্কিল বাড়ানোর জন্য একটা একটা করে শব্দ বোঝার চেষ্টা না করে কনভারসেশনটা কী নিয়ে হচ্ছে, তারা কেমন মুডে আছে, কীভাবে কথা বলছে এগুলো খেয়াল করলে বেশি উপকৃত হবে।

ইংরেজিতে রাতারাতি তুমি দক্ষ হয়ে উঠবে, এমন আশা করা ঠিক নয়। এ জন্য অনেক সময় ব্যয় করতে হবে। অধ্যবসায়ী হয়ে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে তুমি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে।