প্রতিবেদন ও আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ : আদিলুর

জানুয়ারির মধ্যে সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডর’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, এখন জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে।

আদিলুর রহমান বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে জেলায় পাঁচ শহীদ পরিবারও উপস্থিত ছিল।

উল্লেখ্য, সংযোগ করিডরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য নির্মিত হয়েছে।