২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরুদ্ধে হওয়া আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে। আন্দোলনে শহীদ আসাদুল্লাহ রাতিনের (১৭) বাবা শফিকুল ইসলাম মুফতি গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগটি করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। তিনি বলেন, ‘আন্দোলনে অংশগ্রহণকারীদের পরে ন্যায়বিচার ও চিকিৎসাপ্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে ৫৪টির মতো মামলা হয়। যাতে সাত হাজার মানুষকে আসামি করা হয়। এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি।’