দ্য টাইমসের প্রতিবেদন

গুজব ছড়ানো থিংক ট্যাংকে জড়িত টিউলিপের ভাইবোন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে। টিউলিপের বিরুদ্ধে সম্পত্তিসংক্রান্ত তদন্তের দাবি দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন করে অভিযোগ উঠেছে, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রাজনৈতিক গুজব ছড়ানোর কাজে জড়িত একটি থিংক ট্যাংকের সঙ্গে যুক্ত।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের ছড়ানো বেশিরভাগ গুজব নির্বাচনী ইস্যু এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকেন্দ্রিক। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাও গত বছর এ ধরনের একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছিল।

টিউলিপ ইতিমধ্যেই বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে চাপের মুখে ছিলেন। এর মধ্যেই তার ভাইবোনের প্রোপাগান্ডা-সংক্রান্ত থিংক ট্যাংকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সরকার টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক গত বছর জুলাই মাসে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার কাজের মধ্যে রয়েছে আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এদিকে, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মোটেই চিন্তিত নন। তিনি জানিয়েছেন, টিউলিপের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর অফিশিয়াল মুখপাত্র বলেছেন, টিউলিপের ওপর প্রধানমন্ত্রীর বিশ্বাস অটুট এবং দুর্নীতিবিরোধী বিষয়গুলো পরিচালনার দায়িত্ব তার ওপরই থাকবে।

এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ। তিনি মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়ে আবেদন করেছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কি না, সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি, যার অনেক কিছুই সঠিক নয়। যেখানে আমার আর্থিক ও আমার পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে। তিনি লিখেছেন, আমি একদম স্পষ্ট যে, আমি কিছু ভুল করিনি। যাইহোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যাকক্ষের একটি ফ্ল্যাট ২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার উপহার দিয়েছিলেন বলে জানানো হয়। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।