কক্সবাজার সমুদ্রসৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারী। নিহত গোলাম রব্বানী ওরফে টিপু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এ ছাড়া তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, টিপু খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তিনি কক্সবাজার শহরের গোল্ডেন ইন নামের একটি রিসোর্টে অবস্থান করছিলেন।
টিপুকে নেওয়া অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল, মানিব্যাগ উদ্ধার করে প্রশাসন।
এদিকে টিপুকে আগে থেকে চেনেন কক্সবাজারের মহেশখালীর কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজারে রয়েছেন টিপু। মহেশখালীতে তার কয়েকটি চিংড়িঘের রয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি নিয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আশা করছি জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে।