ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামীকাল শনিবার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স), অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফরেন সার্ভিসের অভিজ্ঞ সদস্য জ্যাকবসন তার কূটনৈতিক জীবনে তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশগুলো হচ্ছে তাজিকিস্তান, তুর্কমিনিস্তান ও কসোভো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন বেইজিং দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড সেøটন মিলকে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীকে সিনেটের শুনানিতে হাজির হতে হয়। সেই শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ডেভিড মিলের ঢাকায় আসা হচ্ছে না।

সাম্প্রতিক সময়ে জ্যাকবসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিকট প্রাচ্যবিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন জ্যাকবসন। জ্যাকবসন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন এবং লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে একাধিক সম্মাননা পেয়েছেন, এর মধ্যে রয়েছে সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুটি প্রেসিডেনশিয়াল র‌্যাংক অ্যাওয়ার্ড এবং দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম ‘ইব্রাহিম রুগোভা’।

২০২২ সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা পিটার হাস গত বছর জুলাই মাসে ফিরে যান। এরপর দায়িত্ব সামলান যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ। এরপর চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পান মেগান বল্ডিন। ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব নেওয়ার পর বোল্ডিন উপপ্রধান হিসেবে তার আগের দায়িত্বে ফিরে যাবেন।