আলীকদমে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবানে আলীকদমে অবৈধ পথে অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। 

একই সঙ্গে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ৫ সদস্যকে আটক করা হয়েছে। 

তাদের মধ্যে আলীকদম উপজেলা স্বেচ্চাসেবক দলের নেতা নজরুল ইসলাম ও চৈক্ষ্যং ইউনিয়ন কমিটির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু হুজাইফা। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের পাচারের কাজ করে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আটক পাচারকারী চক্রের অন্য সদস্যরা হলেন— উপজেলার দক্ষিণ নয়াপড়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম, সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন, মৃত আনু মিয়া ছেলে খোরশেদ আলম, চৈক্ষ্যং ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে আবু হুজাইফা ও বাজার পাড়ার মো. আব্দুল রহিমের ছেলে নজরুল ইসলাম।

স্থানীয় ও বিজিবি জানান, অবৈধ পথ দিয়ে রোহিঙ্গা প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বাংলাদেশে প্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গা ও পাচারকারী ৫ সদস্যকে আটক করা হয়। তদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৬ জন শিশু রোহিঙ্গা রয়েছে। আটকদের মিয়ানমারের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নেও পর্যন্ত থানায় কাউকে আনা হয়‌নি।