ইসলামিক আর্টস বিয়েনালে কাবার কিসওয়া প্রদর্শনী

‘ইসলামিক আর্টস বিয়েনাল ২০২৫’ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য এই বিয়েনালে প্রথমবারের মতো মক্কা নগরীর বাইরে পবিত্র কাবার কিসওয়া সম্পূর্ণরূপে প্রদর্শিত হবে। দিরিয়াহ বিয়েনাল ফাউন্ডেশনের আয়োজনে ‘অ্যান্ড অল দ্যাট ইজ ইন বিটুইন’ শিরোনামের এই আয়োজনটি আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিম হজ টার্মিনালে চলবে।

কিসওয়া হলো পবিত্র কাবা শরিফকে আচ্ছাদিত করা কালো কাপড়। ১৯২৭ খ্রিস্টাব্দ থেকে সৌদি আরবের কিং আবদুল আজিজ কমপ্লেক্সে এটি তৈরি হয়ে আসছে। প্রতিবার নতুন কিসওয়া তৈরি করা হয় এবং পুরনোটি সরিয়ে রাখা হয়। এবারের প্রদর্শনীতে ২০২৪ সালের কাবার কিসওয়া প্রদর্শিত হবে।

প্রতি বছর সিল্ক, সোনা ও রুপার সূক্ষ্ম সুতা দিয়ে হাতেবোনা কিসওয়ার কারুকাজ বিশ্ব জুড়ে প্রশংসিত হয়। এর জটিল বুনন এবং অভূতপূর্ব নকশা ইসলামি শিল্পকলার সর্বোচ্চ নিদর্শন হিসেবে বিবেচিত। প্রদর্শনীর মাধ্যমে এই ঐতিহ্যের সৌন্দর্য ও কারিগরি দক্ষতা সম্পর্কে দর্শকদের জানানো হবে।

২০২৫ সালে কিসওয়া কারখানা প্রতিষ্ঠার প্রথম হিজরি শতবর্ষ পূর্ণ হবে। এই উপলক্ষে প্রদর্শনীটি কিসওয়ার ঐতিহাসিক উন্নয়ন এবং কারিগরি দক্ষতার বিবর্তনকে তুলে ধরবে। সৌদি আরবের এই কারখানাটি দীর্ঘ এক শতাব্দী ধরে পবিত্র কাবার কিসওয়া তৈরির গৌরব বহন করে আসছে।

প্রদর্শনীতে কিসওয়ার পাশাপাশি ঐতিহাসিক ইসলামি নিদর্শন ও সমসাময়িক শিল্পকর্মও স্থান পাবে। এর মাধ্যমে দর্শকরা ইসলামি সভ্যতার সমৃদ্ধি ও সৃষ্টিশীলতাকে গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। এই প্রদর্শনী ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ববোধ বাড়াবে। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ইসলামি ঐতিহ্য সংরক্ষণে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিসওয়া প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা কাবার প্রতি তাদের অনুভূতির সঙ্গে নতুনভাবে সংযোগ স্থাপন করতে পারবেন।

            সূত্র : সৌদি গেজেট