বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। গোপালগঞ্জের মাধবপুরের শাহজিবাজার এলাকার রিয়াজনগরে বাসের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছেন। কাশিয়ানীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
গত শুক্রবার রাতে নীলফামারীতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী প্রাণ হারান। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমারখালীতে বালুবাহী ট্রাকচাপায় শ্রমিক নিহত : কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মো. রাজু (২৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন শ্রমিক। গতকাল শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন একই এলাকার সিরাজুল (৩৫), বিল্লাল (৩৩) ও আশরাফ (৩৫)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গড়াই নদী থেকে বালু উত্তোলন ও সড়কে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও দুর্ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন কয়েকশ বিক্ষুব্ধ জনতা। তারা সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের যানবাহন চলাচল বন্ধ করে এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের পশ্চিম ও পূর্বদিকে কয়েক কিলোমিটার যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন তারা।
অন্যদিকে সড়কের দুর্ঘটনাকে কেন্দ্র করে গড়াই নদীর কয়াবাজার এলাকায় ৯টি ড্রাম ট্রাক, পাঁচটি ভেকু ও দুটি প্লেটার যন্ত্র ভাঙচুর এবং যন্ত্রগুলোর ব্যাটারি ও যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে একটি ড্রাম ট্রাক একটি পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ চার যাত্রী ছিটকে পড়েন এবং ট্রাকটি রাজুর মাথায় চাপা দিয়ে নদীতে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তারা আরও জানায়, দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বালু উত্তোলন ও সড়কে ড্রাম ট্রাক বন্ধ এবং ঘটনায় জড়িতের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অন্যদিকে উৎসুক জনতা নদীতে থাকা কিছু ড্রাম ট্রাক ও বালু কাটা যন্ত্রে ভাঙচুর ও যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রমিক ও গাড়িচালকরা বলেন, কয়ার নাছির উদ্দিনের ছেলে মো. পিকলুর নেতৃত্বে ২০-৩০ জন এসে ট্রাক ও যন্ত্রগুলোয় ভাঙচুর এবং লুটপাট করেছে।
ঠিকাদার জাহিদুল হোসেন বলেন, সড়কের দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অন্তত ১৭টি যানবাহনে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। থানায় মামলা করা হবে।
অভিযোগ অস্বীকার করে মো. পিকলু ফোনে বলেন, ‘ঘটনার সময় নদীতে ছিলাম। অপরিচিত ছেলেপেলে ভাঙচুর করেছে। আমি জড়িত নই।’
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেছিল। এতে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, নদীতে কিছু ট্রাক ও বালু কাটা যন্ত্র ভাঙচুর এবং কিছু যন্ত্রাংশ লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বালু ইজারা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জনগণের দাবির বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গজারিয়ায় মসজিদের ইমাম নিহত : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। তার নাম মাওলানা ছৈয়দ আহমেদ। গতকাল সকাল ১০টায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি স্থানীয় হোসেন্দী ইউনিয়নের ভাটী বলাকী পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম। তার বাড়ি চাঁদপুর জেলায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার গোলাম রাব্বানী জানান, মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী লেনে অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান ইমাম।
গোপালগঞ্জে নিহত ৩ : গোপালগঞ্জের মাধবপুরের শাহজিবাজার এলাকার রিয়াজনগরে বাসের ধাক্কায় টমটমের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ৮টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মো. মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০) ও নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইউম উল্লাহর মেয়ে দিলারা খাতুন (৩২)।
উর্মি ও দিলারা হরিতলায় অবস্থিত একটি ডেনিম কোম্পানিতে শ্রমিক হিসেবে চাকরি করতেন। তারা টমটমে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় রিয়াজনগরে বিপরীত দিক থেকে আসা একটি বাস টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় ৭০ বছর বয়সী বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। তার নাম রহিমা বেগম। গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন রহিমা বেগম। এ সময় দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারীতে মোটরসাইকেল আরোহী নিহত : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় বিন্দু রায় (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের অংকুর সিড হিমাগারের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে ট্রাকটি ওই হিমাগারের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান বিন্দু রায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়িতে কলেজ শিক্ষার্থী নিহত : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আলুটিলা ব্যাঙকমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি দাইজ্জাপাড়া এলাকার আপ্রুমং মারমার ছেলে এবং মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের উপজেলা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের বিজয় মেলা থেকে রাত ১২টার দিকে সাহ্লাপ্রু মারমা ও তার আরেক বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলুটিলার সাপমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে উল্টে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই সাহ্লাপ্রু মারমার মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার এমন অকাল মৃত্যুতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।