কমিটি নিয়ে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল হাসান রতন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে গতকাল বেলা ১১টার দিকে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ওসি মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।