দুনিয়া কাঁপানো 'ডেড ফিশ' উদযাপনের মাধ্যমে ২০২১ সালের ইউএস ওপেনে ইতিহাস গড়া দানিল মেদভেদেভ আবারও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ২৮ বছর বয়সী এই রাশিয়ান তারকা অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার খোঁজে নামছেন। তবে এবার তার সম্ভাব্য উদযাপন নিয়ে কৌতূহল থাকলেও তিনি নিশ্চিত করেছেন, সেটি ২০২১ সালের মতো 'আইকনিক' হবে না।
২০২১ সালে নোভাক জকোভিচকে হারিয়ে ইউএস ওপেন জেতার পর ফিফা ভিডিও গেম থেকে অনুপ্রাণিত হয়ে মেদভেদেভের 'ডেড ফিশ' উদযাপন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
এবার তিনি জানিয়েছেন, 'কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। উদযাপন নির্ভর করবে ম্যাচ এবং টুর্নামেন্টের পরিস্থিতির উপর। তবে নিশ্চিত করতে পারি, এটি মজার কিছু হবে, যা আমার পরিবার বা দলের প্রতি উৎসর্গ করা হতে পারে।'
মেদভেদেভ অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন থাইল্যান্ডের ২০ বছর বয়সী ওয়াইল্ড-কার্ডধারী কাসিদিত সামরেজের, যিনি বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪০০-র বাইরে রয়েছেন। ২০২৪ সালের সাফল্য এবং ২০২২ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর মেদভেদেভের লক্ষ্য, নিজের সেরা সংস্করণে ফেরার মাধ্যমে 'বিগ টু' হিসেবে পরিচিত কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনারকে নিয়মিত হারানো।
মেদভেদেভের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের রেকর্ড এখনও মিশ্র। ছয়টি ফাইনালে মাত্র একটি শিরোপা জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে তিনবার ফাইনালে উঠলেও শিরোপা ছুঁতে পারেননি। ২০২২ সালে রাফায়েল নাদালের বিপক্ষে এবং ২০২১ সালে জকোভিচের বিপক্ষে ফাইনালে হেরে ফিরতে হয়েছে তাকে।
'বিগ থ্রি' (নাদাল, জকোভিচ, ফেদেরার) এবং নতুন প্রজন্মের তারকাদের মাঝে নিজের জায়গা নিশ্চিত করেছেন মেদভেদেভ। সিনারের কোচ ড্যারেন কাহিল তার সম্পর্কে বলেন, 'ও একজন অসাধারণ খেলোয়াড় এবং প্রতিযোগী। তার টেনিস আইকিউ যে কারও মতোই ভালো।'
মেদভেদেভ জানিয়েছেন, ২০২৫ সাল তার জন্য হতে যাচ্ছে উন্নতির বছর। 'আমাকে আরও ভালো খেলোয়াড় হতে হবে। এটি সহজ নয়, তবে আমি চেষ্টা চালিয়ে যাব,' বলেন তিনি।
মেলবোর্ন পার্কে মেদভেদেভের এই যাত্রা কি শিরোপায় শেষ হবে? নতুন উদযাপন কি আবারও তাকে আলোচনায় আনবে? উত্তর দেবে সময়।