ফুটবল দিনশেষ একটা খেলা, এখানে জয়-পরাজয় থাকবে। ফুটবলাররা ভুল করবেন, আবার শুধরে নেবেন। কিন্তু কিছু সমর্থকের কাছে জয়-পরাজয় যেন জীবন-মরণ হয়ে দাঁড়ায়। তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটে মাঠের বাইরেও। যেমন এফএ কাপের ম্যাচে আর্সেনালে কাই হাভার্টজ পেনাল্টি মিস করে পড়েছেন মহাবিপদে। এফএ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল আর হাভার্টজের পরিবারকে দেওয়া হয়েছে খুনের হুমকি!
রবিবার এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ স্কোরলাইনের পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে যায় আর্সেনাল। যদিও তারা ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল। কিন্তু গোলের জন্য ২৬টি শট নিয়ে টার্গেটে রাখে মাত্র ৭টি। মূল খেলায় দুটি সহজ সুযোগ নষ্ট করা জার্মান ফরোয়ার্ড হাভার্টজ ব্যর্থ হন টাইব্রেকারেও। এ কারণেই পরাজয়ের দায় হাভার্টসের ওপরেই চাপাচ্ছে কিছু আর্সেনাল সমর্থক।
হাভার্টজের স্ত্রী সোফিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। একজন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দুজনকে খুন করবেন। আবার একজন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়! এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব বুঝতে পারছি না! খেলায় হার-জিত থাকেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সবার ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে। এসব শুনে একজন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার চেষ্টা করুন।’
অন্যদিকে আর্সেনাল কোচ মিকাইল আর্তেতার বিশ্বাসই হচ্ছে না যে তারা হেরেছেন, ‘এই ম্যাচ জিততে না পারাটা অবিশ্বাস্য। যা আমাদের প্রাপ্য ছিল, তা আমরা পাইনি। আমরা একবার বল জালে জড়াতে পেরেছি। যতগুলো সুযোগ পেয়েছি, গোলের মুহূর্ত এসেছে, সঙ্গে পেনাল্টিও, কিন্তু আরেকবার আমরা সেটা পারিনি। আমরা খুব কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’
সেঞ্চুরির পরদিনই পিএসএলে দল পেলেন লিটন দাস
বিপিএলের মাঝেই পিএসএলে দল পেলেন নাহিদ রানা
লিটনকে বদলে দেওয়া কে এই শাহীন?