চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলার বাঁশখালীতে অটোরিকশা ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশু ও চন্দনাইশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন নামে এক রোহিঙ্গা যুবক এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা আক্তার নামে এক নারী মারা যান।
বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় শিশু আদিবাকে ধাক্কা দেয় অটোরিকশা। পরে আদিবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের মেয়ে।
বাঁশখালী থানার অফিসার (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহত শিশুর পরিবার থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
চন্দনাইশ প্রতিনিধি জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে নুর হোসেনের (২১) মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, নাঙ্গলকোটে পারিবারিক কলহের জেরে এক মালয়েশীয় প্রবাসীর স্ত্রী ফাতেমা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে রবিবার রাতে শ্বশুর-শাশুড়ি সঙ্গে ঝগড়া হয় ফাতেমার। একপর্যায়ে সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফাতেমা।