বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল আগামী ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। প্রায় ৩৩ বছর পর হতে যাওয়া এ নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে তৈরি করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এসব কথা বলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় অধ্যাপক কামরুল আহসান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপন বিষয়ে কী কী অগ্রগতি হয়েছে তার বিবরণ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। জাকসু নির্বাচনের জন্য গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে এ বিষয়ে প্রধান উপদেষ্টা কাছে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য। তিনি বলেন, ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফরমটি নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এ ছাড়া তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফর্ম ফি কমানো হয়েছে বলেও জানান।
জাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ জানান।
জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। নির্বাচনটি আপনাদের নেতৃত্বে আয়োজন করুন।’
এ সময় অধ্যাপক কামরুল আহসান জুলাই গণ-অভ্যুত্থানে জাবি ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান। তিনি বলেন, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা প্রদান করেছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব।