বাজে পারফর্মেন্স করলে রোহিতদের বেতন কাটার ভাবনা বিসিসিআইয়ের!

চরম বাজে পারফর্মেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর নতুন নিয়ম চালুর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যে ক্রিকেটার যেমন পারফর্ম করেছেন, সে অনুযায়ী তাকে বেতন ও আনুসাঙ্গিক ফি দেওয়া হবে – এমনই এক প্রস্তাব উঠেছে। তবে এখনই এই নিয়ম চালু হবে কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ শেষে অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে মিটিং করেছেন বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সভাতেই নাকি পারফর্মেন্স অনুযায়ী অর্থ প্রদানের প্রস্তাব উঠেছে। মনে করা হচ্ছে, এর ফলে ক্রিকেটারেরা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন।

গত বছর টেস্ট খেলার জন্য বেশি সম্মানী দেওয়ার পরিকল্পনা করেছিল বিসিসিআই। যে ক্রিকেটার বছরে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচে একাদশে থাকবেন, তাকে ম্যাচ প্রতি ৩০ লাখ রুপি দেওয়া হবে। যে ক্রিকেটার ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেলবেন, তাকে ম্যাচ প্রতি দেওয়া হবে ৪৫ লাখ। সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য ৪০ কোটি রুপি খরচের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।

টি-টোয়েন্টি এবং আইপিএলের রমরমার মাঝে ক্রিকেটারেরা যাতে লাল বলের খেলাকেও গুরুত্ব দেয়, সেই কারণেই এসব উদ্যোগ নিয়েছিল বিসিসিআই। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ার মাটিতে ৩-১ ব্যবধানে সিরিজ হারের পর মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে রোহিত শর্মাদের। এই নিয়ম চালু হলে বিপাকেই পড়ে যাবেন রোহিত-কোহলিদের মতো ফর্ম হারানো ক্রিকেটাররা।