জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ঠিক করা হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম বলেন, ‘গত ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল। পরে সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করে।’
তিনি বলেন, ‘আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’
উপদেষ্টা পরিষদ শিক্ষার্থীদের ঘোষণাপত্র অবলম্বনে খসড়া প্রস্তুতের চেষ্টা করছে বলে জানান মাহফুজ। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এ উপদেষ্ঠা।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি তারা সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত। কিন্তু কবে ঘোষণা হবে বা এতে কী থাকবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার।