দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়ে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। দেশটিতে খনিশ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৯টি মরদেহ এবং ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত এই সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্টিলফন্টেইনের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে বাফেলসফন্টেইন সোনার খনি নামে পরিচিত এটি। ম্যাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি বলেন, উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা দুটি ভিডিওতে দেখা গেছে, প্লাস্টিকে মোড়ানো শতাধিক মৃতদেহ পড়ে আছে খনিতে। সম্ভবত অনাহার কিংবা পানিশূন্যতায় তারা মারা গেছেন।