পিএসএল বর্জনের ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন পাকিস্তানি পেসার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে দল না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন ইহসানউল্লাহ। সেই ক্ষোভ থেকেই তিনি টুর্নামেন্টটিকে চিরতরে বর্জনের ঘোষণা দেন। ২৪ ঘণ্টা না যেতেই তিনি অবস্থান বদল করে রীতিমতো ক্ষমা প্রার্থনা করলেন। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তটি ভুল ছিল বলে স্বীকারও করেছেন এই পেসার।

২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন ইহসানউল্লাহ। ঘণ্টায় ‌১৫০ কিলোমিটার গতিতে বল করে তিনি আলোচনায় আসেন। ডাক পেয়েছিলেন জাতীয় দলেও। কিন্তু চোটের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। চোট থেকে ফেরার পর তাকে নিয়ে কোনো দলই আগ্রহ দেখায়নি। এমনকী তার পুরনো দল মুলতান সুলতানসও তাকে ফেরায়নি।

এসব কারণেই মন ভেঙ্গে গিয়েছিল ইহসানউল্লাহর। গত সোমবার সংবাদমাধ্যমে ক্ষোভ ঝেড়ে এই পেসার বলেছিলেন, ‘আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে আর কোনোদিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনোদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না।’

এবার পাকিস্তানি গণমাধ্যম ‘জিও সুপার’কে ইহসানউল্লাহ বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। এরপর পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথায় আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, আল্লাহ চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

চোট থেকে ফেরার পর পুরনো গতি ফিরে পাননি ইহসানউল্লাহ। তবে তিনি আগের ফর্মে ফিরতে আশাবাদী, ‘স্পিডগান অনুসারে ঘণ্টায় ১৩০-৩৫ কিলোমিটারে বোলিং করছি। আসলে টিভিতে যা দেখা যায়, সেটা ১৪০ কিলোমিটার গতির সমান। একদিন আগে পেশোয়ারে একটি ম্যাচে আমি ঘণ্টায় ১৪২ কিলোমিটারেও বল করেছি। ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি। সামনে কিছু ঘরোয়া টুর্নামেন্টও আছে। গতকাল (সোমবার) রাতের সিদ্ধান্ত ভুল ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি।’