কেন বিদায়ী টেস্ট খেলেননি- জানালেন অশ্বিন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝেই হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতের অভিজ্ঞ স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন। চাইলেই তিনি বিদায়ী টেস্ট খেলতে পারতেন। দর্শকদের থেকে বিদায় নিয়ে শেষ করতে পারতেন ক্যারিয়ার। কিন্তু কেন সেটা করেননি- এতদিন পর জানালেন ১০৬ টেস্টে ২৪ গড়ে ৫৩৭ উইকেট শিকারী এই তারকা।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘জীবনে কী করতে হবে সেটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। অবসরের সিদ্ধান্তটাও আমারই নেওয়া। যদি কেউ বুঝতে পারে তার কাজ শেষ হয়ে গেছে, তাহলে ভাবনার কিছু থাকে না। লোকে অনেক কথা বলবে। আমি সেসবে পাত্তা দেই না। প্রথম টেস্টে খেলিনি। দ্বিতীয় টেস্টে খেলার পর আবার তৃতীয় টেস্টে বাদ পড়ি। চতুর্থ বা পঞ্চম টেস্টে খেলতেও পারতাম, না-ও পারতাম।’

তার মতো অফস্পিনারের কি সম্মানের সঙ্গে বিদায়ী টেস্ট খেলে অবসর নেওয়া উচিত ছিল না? এর ব্যখ্যায় অশ্বিন বলেছেন, ‘আমি বল করতে যাচ্ছি আর লোকে হাততালি দিচ্ছে- এতে আর এমন কী পার্থক্য হবে?সামাজিক যোগাযোগমাধ্যম না থাকার সময় মানুষ এক সপ্তাহের মধ্যে সব ভুলে যেত। বিদায়ী টেস্টের কোনো প্রয়োজন ছিল না। ক্রিকেট খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুশি মনেই খেলাটা ছেড়েছি। শুধু বিদায়ী টেস্টে খেলার জন্য দলে জায়গা পাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার।’

জাতীয় দল ছাড়লেও ক্রিকেট পুরোপুরি ছাড়ছেন না অশ্বিন। আইপিএল ছাড়াও ভারতের ঘরোয়া লিগে তাকে দেখা যেতে পারে। টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩ হাজার ৫০৩ রানের মালিক অশ্বিন সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমার আরও ক্রিকেট খেলা বাকি আছে। ক্রিকেটের প্রতি সৎ থাকতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত