প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগুনে তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে ছাই হওয়ার পর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে আলোচনা এসেছে। দ্বীপটিতে বিভিন্ন মানের ২৫০ আবাসিক প্রতিষ্ঠান
থাকলেও সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বীপের জনপ্রতিনিধির দাবি, মাত্র কয়েকটি ছাড়াই কোনো প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। আর আগুন নিয়ন্ত্রণে নেই কোনো সরকারি ব্যবস্থাও।
গত মঙ্গলবার রাতে আগুনে দ্বীপের তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ও সাইরি ইকো রিসোর্টে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টে মালিকদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মধ্যরাতে সেন্টমার্টিনে পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ থেকে মাল্টিপ্লাগে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে করে পাশে থাকা বিচ ভ্যালির ১৮টি কক্ষ, কিংশুক ইকো রিসোর্টে সাতটি ও সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ একটিসহ ২৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে মাল্টিপ্লাগে শর্টসার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়। অভ্যর্থনা কক্ষে ঠিক পেছনে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বিচ ভ্যালির ছাউনিতে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার আগে শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুন লাগার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা এবং আগত পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রচেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিচ ভ্যালির ইকো রিসোর্টে পর্যটক ঢাকা থেকে বেড়াতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি বলেন, আগুনের সূত্রপাতের সময় অধিকাংশ পর্যটকরা রিসোর্টের বাইরে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অধিকাংশ পর্যটকের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং নির্ঘুম রাত কাটাতে হয়েছে। কটেজগুলোয় আগুন নিয়ন্ত্রণের বিকল্প কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সবগুলো কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
দ্বীপের বাসিন্দা ও সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে সাইরি ইকো রিসোর্টে থেকে আগুন লাগে। পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেন্টমার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, আগুন লাগার খবর শুনে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা দেওয়াও জরুরি ছিল। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা গেছে। তবে আগুন নেভাতে গিয়ে স্থানীয় ছয়জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কিংশুক ইকো রিসোর্টে স্বত্বাধিকারী সরওয়ার আলম বলেন, তিনটি রিসোর্টে প্রাথমিকভাবে ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা অজিত কুমার দাস বলেন, ‘পাশের আরও দুটি রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে গলাচিপার বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্টের অধিকাংশ পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। এসব রিসোর্ট খুব সুন্দর এবং উন্নতমানের ছিল। রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলে জেনেছি, প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি টাকায় ক্ষতি হয়েছে।’
পুড়ে যাওয়া কিংশুক রিসোর্টের সহকারী পরিচালক সাইফুদ্দিন বাবর বলেন, ‘হঠাৎ করে রাতে আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা হোটেলে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নিই। ততক্ষণে আমাদের রিসোর্টের ১৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। কাঠ-বাঁশ এবং ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল আমাদের রিসোর্টটি। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দেড় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তা ছাড়া আমাদের ব্যবসা লোকসানে পড়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘আমাদের একটা টিম সেখানে পৌঁছেছে। আগুনের ঘটনাটি তদন্ত করে দেখা হবে। আর ক্ষতিগ্রস্তদের কীভাবে সহায়তায় করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকা-ের ঘটনায় দুটি রিসোর্ট সম্পূর্ণ ভস্মীভূত এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন মৌসুমের পাশাপাশি পর্যটকদের অবস্থান এবং গুরুত্ব বিবেচনায় ঘটনার তদন্তে টেকনাফের ইউএনওকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে অগ্নিকা-ের সূত্রপাত, ক্ষয়ক্ষতি নিরূপণ ও সুপারিশমালা প্রণয়নে তদন্ত রিপোর্ট দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত রিপোর্ট পাওয়ার পর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।