‘ছাগলকা-ে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবির একটি টিম। গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে
দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়েছে এবং মতিউরের কাছে শটগান (অস্ত্র) থাকায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অস্ত্র আইনে করা মামলায় মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রুবেল মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
জানা যায়, দুদকের রিক্যুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তার অভিযান চালায়। অবস্থান শনাক্ত করে গতকাল ভোরে তার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ সময় শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন মতিউর। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই বেলাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
এদিন মতিউর রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৯ জানুয়ারি সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গত বছর কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। অর্থের উৎস কী? ছেলের পরিচয় ‘অস্বীকার’ করা, মতিউরের দুই বিয়েসহ নানা তথ্য বের হতে থাকে। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আত্মীয় ছিলেন মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তিনি শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। সবশেষ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা দুদক তদন্ত শুরু করে।