আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের: হামিদুর রহমান আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াত এদেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করতে চায়। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দেশকে নেতৃত্ব দেওয়া মানে একটা জবাবদিহিতার মুখোমুখি হওয়া। সমাজ ও রাষ্ট্রকে ইসলামাইজেশন তথা কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কিশলয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ এতে দারসূল কুরআন পেশ করেন।

এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, ডা. সিদ্দিকুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। জামায়াত একটি গতিশীল সংগঠন। সদস্যরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে।