গত মাসে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জনের মৃত্যু হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় জীবিত ছিলেন মাত্র দুজন। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট পাখির আঘাতের ব্যাপারে কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের ভেতর পাখির ডানা ও রক্ত পাওয়া গেছে। তবে দক্ষিণ কোরিয়ার যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ড থেকে জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটি দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। তবে কারিগরি ত্রুটির কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ার ও পেছনের চাকা কোনোটিই খোলেনি। এতে করে এটি চাকা ছাড়া অবতরণ করে। কিন্তু অবতরণের পরই রানওয়ে থেকে ছিটকে গিয়ে কংক্রিটের দেওয়ালে আঘাত হানে এটি। এতে সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয়।