ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পেলেন শি নাম নেই মোদির

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওয়াশিংটনে। বেশ কয়েকটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপনের পাশাপাশি ৪৮ কিলোমিটার দীর্ঘ সাত ফুট লম্বা অস্থায়ী বেড়া নির্মাণ করা হয়েছে। ২৫ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা, প্রায় সাত হাজার ৮০০ ন্যাশনাল গার্ড সৈন্য এবং চার হাজার পুলিশ নিরাপত্তা জোরদারের কাজে নিয়োজিত থাকবে। ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের। সেই তালিকায় আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শি থাকলেও, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাকে নিজের ভালো বন্ধু হিসেবে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

শপথ গ্রহণের দিন ডাউনটাউন ওয়াশিংটনের একটি বড় অংশ, হোয়াইট হাউজ থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই নাম রয়েছে। তালিকায় ইউরোপের মধ্যমপন্থিদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে আমন্ত্রণ পেলেও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার উপস্থিত থাকার সম্ভাবনা নেই। চীন তাদের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বেশ কঠোর নিয়মনীতি অনুসরণ করে। এমনকি ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায়। তবে নিজে উপস্থিত না থাকলেও, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে পারেন শি জিনপিং।