ইরানে সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানে সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানায়, গতকাল শনিবার রাজধানী তেহরানের সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল ভবনের বাইরে গুলিবর্ষণের শিকার হন তিন বিচারপতি। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এ সময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন। নিহত বিচারপতিরা হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল ইসলাম ওয়াল-মুসলিমীন মুকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখার সভাপতির দায়িত্ব পালন করতেন।

ইরানি বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, নিহত বিচারপতিরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিবৃতিতে তাদের সাহসী ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, একজন পিস্তলধারী ব্যক্তি বিচারপতিদের কক্ষে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপরাধী অতীতে সুপ্রিম কোর্টে কোনো মামলায় জড়িত ছিলেন না এবং তিনি আদালতের দর্শনার্থীও ছিলেন না।

এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। বর্তমানে হামলার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের চিহ্নিত ও আটক করার জন্য তদন্ত চলছে।  বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তেহরান।

নিহত বিচারপতি হোজ্জাত আল ইসলাম রাজিনি ১৯৯৮ সালে তেহরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। আর বিচারপতি মুকিসেহর ওপর ২০১৯ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাকে অসংখ্য অবিচারি বিচার পরিচালনার জন্য দায়ী করে ওয়াশিংটন।

ইরানে বিচারপতিদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল। তবে গত কয়েক বছরে দেশটিতে হাই-প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।