বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথরেখা তৈরির প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গতকাল রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম বৈঠকে এমন বক্তব্য দেন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন। এদিন তিনি পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালেও একই আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই পৃথক দুই বৈঠকের খবর দিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, রাষ্ট্রদূত জ্যাকবসন দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব এবং বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় আমাদের সমর্থনের বিষয় তুলে ধরেছেন।
ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কর্মকাণ্ডের মধ্যে গত সপ্তাহে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শীর্ষ কূটনীতিকের দায়িত্বে আসেন ট্রেসি অ্যান জ্যাকবসন। গতকাল বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। এরপর দূতাবাসের ফেসবুক এবং এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বৈঠকে আলোচনার কয়েকটি দিক তুলে ধরা হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বলা হয়, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, শ্রম সংস্কার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূত জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।