৯১ রানের পুঁজিতে কি অজি বাধা পেরোতে পারবে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বাংগিতে স্লো উইকেটে এই রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারে কি না বাংলাদেশ- সেটিই এখন দেখার বিষয়।

‘ডি’ গ্রুপের এই ম্যাচে টস ভাগ্য পাশে পায় অস্ট্রেলিয়া। এর পর বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক লুসি হ্যামিলটন। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিতভাবে উইকেট খোঁয়াতে থাকে বাংলাদেশ। ১৮ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। নেপালের বিপক্ষে ম্যাচে ব্যাটে রান পাওয়া অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম আজ ব্যর্থ হন। তবে সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে এই পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন ইরা। সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। দেশের আর কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ৫টি ক্যাচ না ছাড়লে পুঁজিটা আরও কমও হতে পারতো।

অজি স্পিনার টেগান উইলিয়ামস ১২ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট পান কাওয়েমহে ব্রে ও এলেনর লারোসা। একটি করে উইকেট নেন হাসরাত গিল ও ক্লোয়ে আইনসওয়ার্থ।