একটি দল আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি নিমকহারামের দল। বিগত দিনে যারাই এদের পুনর্বাসনের চেষ্টা করেছে, তারাই নিঃশেষ হয়ে গেছে।

গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের’ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন উল্লেখ করে আলাল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ডান-বাম সব দলের সঙ্গে আওয়ামী লীগকেও প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার অনুমোদন পায় জিয়াউর রহমানের সময়। ১৯৭৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটা সম্মানজনক আসন লাভ করে। কিন্তু দুর্ভাগ্য এই আওয়ামী লীগই শহীদ জিয়াউর রহমানকে হত্যার চক্রান্তে লিপ্ত হয় এবং জিয়াউর রহমানকে হত্যা করে।’

তিনি আরও বলেন, ‘একসময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। সেই জাতীয় পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। জামায়াতে ইসলামী ১৯৮৮ ও ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। এর ফল জামায়াতের জন্য ভালো হয়নি। তাদের দলের ১২ জন শীর্ষনেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগ জামায়াতকে তার প্রতিদান দেয়। এখন একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে। পত্রিকায় সংবাদ দেখে আমি আনন্দিত। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু এই দল যেন কোনো চক্রান্তে লিপ্ত না হয়।’

আলাল বলেন, ‘যে বা যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী লীগের লোকজনকে অন্তরালে নিজেদের দলে ভিড়িয়ে নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এ চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এই আওয়ামী লীগই একসময় আপনাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি কালাম ফয়েজী, সহসভাপতি মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি রমিজ উদ্দিন রুমী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, মহিলা সম্পাদিকা নীলা শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আখতার, সদস্য এসএম কমরউদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক কলামিস্ট কালাম ফয়েজী জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন শীতার্তদের জন্য কম্বল বিতরণের আয়োজন করায় সংগঠনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যেকোনো প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এ মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।’