কুমিল্লায় দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কুমিল্লার নাঙ্গলকোটে দুই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
বুধবার (২২ জানুয়ারি) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। 

আটকরা হলেন- মামলার এক নং আসামি গান্দাচী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬), ও তদন্তে সম্পৃক্ত আসামি হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।

ওসি একে ফজলুল বলেন, চট্টগ্রাম নগরীর একে খান এলাকা থেকে সোমবার সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় আবুল কাশেমকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন,মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

গত ৯ জানুয়ারি উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা নামক স্থানে রাস্তা থেকে দুই তরুণীকে তুলে নিয়ে ইউনিয়ন এক যুবদল নেতার নেতৃত্বে খোকন স'মিলের একটি কক্ষে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ১৪ জানুয়ারি এক তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।