প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ নতুন মোড় পেতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সবশেষ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে ইউক্রেন-রাশিয়া দুই দেশই যুদ্ধের অবসানে ইতিবাচক অবস্থান দেখিয়েছে। আর তেমনটা হলে ভবিষ্যৎ রুশ হামলা প্রতিরোধে ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর অন্তত দুই লাখ সদস্য মোতায়েন করা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দানকালে ইউরোপের প্রতিরক্ষা নিশ্চিতের জন্য মহাদেশটির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রায় পুরো ফরাসি সেনাবাহিনীর সমানসংখ্যক সদস্য চেয়ে বসেছেন জেলেনস্কি। ২০২০ সালে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা দুই লাখের কিছু বেশি। ইউক্রেনের নেতার দাবি, সংখ্যাটা এর চেয়ে কম হলে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত হবে না। কারণ মস্কোর সেনাসদস্য প্রায় ১৫ লাখ আর কিয়েভের আছে তার কেবল অর্ধেক।