জামায়াত আমির বললেন

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার চাই। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ করা হবে, সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতকারীদের তালিকা করে প্রকাশ করে দেওয়া হোক। আমি অপরাধী হলে আমার নামও প্রকাশ করা হোক। বাংলাদেশের মানুষ জানুক এরা কারা। বাংলাদেশের যত জায়গায় অমুসলিম ভাইদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছিল, এতে আওয়ামী লীগ জড়িত ছিল। কিন্তু সবার আগে নাম আসে জামায়াতের। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে, তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তার প্রমাণ বর্তমান বাংলাদেশ।

ডা. শফিকুর বলেন, আওয়ামী লীগ বলেছিল, কোনোদিন যদি তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তাহলে তাদের ৫ লাখ নেতাকর্মীকে আমরা খুন করব। তাদের নেতাদের দফায় দফায় মিথ্যাচার বাস্তবায়িত হয়নি। ৫ লাখ লোক মানুষ মারা যায়নি। এ দেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে চুনকালি। তারপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে উসকানি দিলেও তারা সে উসকানি ওদের মুখের ওপর ছুড়ে দিয়েছে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয়নি। কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকা- ঘটানো হয়েছে।

এ সময় কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, কুড়িগ্রাম জেলার সাবেক আমির আজিজুর রহমান স্বপন, জেলা জামায়াতের আমির মো. আবদুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। কর্মিসভায় জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।