নিয়ম ভেঙে কর্মীসভার আয়োজন করায় বিক্ষোভ মিছিল করেছেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ শনিবার কর্মীসভা আয়োজনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে পল্টন থানার বর্তমান আহ্বায়ক কমিটি ও কর্মী-সমর্থকরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে লিটন, মিজানকে দল থেকে বহিষ্কার করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। বহিষ্কৃত কর্মীদের দিয়ে কোন নিয়মে কর্মীসভার আয়োজন করা হয়, তার বিচার আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দিলাম।
তারা বলেন, যারা বিগত দিনে দলের মিছিল মিটিং বিক্ষোভে ছিলেন না তারা আজ কিছু নেতার ছত্রছায়ায় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের অপরাজনীতির চর্চা বন্ধ না হলে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা এসব অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করে যাব এবং সফল হব।
তারা আরও দাবি করেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মীসভার এক চতুর্থাংশ লোক বহিরাগত ও ভাড়াটিয়া।
এ সময় পল্টন থানার আহ্বায়ক অলী উদ্দিন বাবলু বলেন, আজ পল্টন থানা আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে অনিয়ম করে ভাড়াটিয়া আওয়ামী লীগের লোক দিয়ে কর্মীসভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদারসহ অন্যান্যরা।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন, কালভার্ট রোড এলাকার মূল সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক বাংলা এসে শেষ হয়। বিক্ষোভ সভা ও মিছিলে নেতৃত্ব দেন মোরশেদ আলম বাবলু, কামরুল ইসলাম, হাবিব উল্লাহ হাবিব, আব্দুল মান্নান শিমুল, শাহীন আলমসহ ১৩ নম্বর ওয়ার্ড পল্টন থানা স্বেচ্ছাসেবক দল উত্তর দক্ষিণের নেতাকর্মীরা।