দেশে গোঁজামিলের ভোটার তালিকার কাজ চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে দুই কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে আগে তাদের বাদ দিতে হবে। তারপর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনের আয়োজন করতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি দিতে হবে এবং ফ্যাসিবাদের দোসর সরকারের বাইরে ও ভেতরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদী শাসন আর ফিরে আসবে না। একজন বলছেন ঠুস করে আপনি ঢুকে পড়বেন। আমি বলছি আর কোনদিন আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হলে আপনি আসবেন আসামি হিসেবে।
তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এই দেশের মানুষ আবার মুক্তি লাভ করেছে। ফ্যাসিবাদী শাসনের যিনি প্রবক্তা, যিনি মূল নায়িকা, যে পদত্যাগ করে পালিয়েছে। আজকে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণের প্রধান দাবি হলো সকল গণহত্যার বিচার করতে হবে।
ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি আফজাল হোসাইন প্রমুখ।