পদ্মশ্রী পেতে চলেছেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এক মাসের মাথায় রাষ্ট্রীয় সম্মাননা পেতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে তাকে। এ পুরস্কারের জন্য শনিবার ১৩৯ জনের নাম প্রকাশ করেছে দেশটির সরকার।

৩৮ বছর বয়সী অশ্বিন বিগত ১৪ বছর ধরে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন। মেন ইন ব্লুজদের হয়ে ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। দেশটির ৪০তম ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী পেতে চলেছেন অশ্বিন।

ক্রিকেটারদের মধ্যে বিজয় হাজারে ১৯৬০ সালে সবার প্রথম এ সম্মাননা পান। তার পর সুনিল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভির, জহির খানরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর ২০০৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মবিভূষণ-এ ভূষিত হন শচিন টেন্ডুলকার। এছাড়া ২০০৯ সালে পদ্মশ্রী পাওয়া ধোনি ২০১৮ সালে পান তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ।