উইকেটের মতো চেক বাউন্স করলে তো সমস্যা, তাসকিনের ঠাট্টা

এবারের বিপিএলের বিতর্ক আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। খেলার দিনে সকালে হোটেল বদল। ক্রিকেটারদের পাওনা বকেয়া রাখাসহ নানা আলোচনা হয়েছে আজ। সেটা দুর্বার রাজশাহীর দলে। খেলার আগ মুহূর্তে চেক হাতে তুলে দিলেও বিদেশিরা সেটা নিতে অস্বীকৃতি জানায়।

এতসব নাটকের পর বিদেশিদের ছাড়াই খেলতে নামে রাজশাহী। পেয়েছে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়। 

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক তাসকিন আহমেদ। সেখানে তিনি জানালেন ম্যাচের আহ মুহূর্তে তারা চেক পেয়েছেন, আগামীকাল তারা সেটা ক্যাশ করবেন।

তবে গণমাধ্যমেকর্মীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল সেটা যদি বাউন্স হয়? জবাবে তাসকিন বলেন, 'উইকেটের মতো চেক যদি বাউন্স করে তাহলে তো সমস্যা, (হাসি)।'

তাসকিন যোগ করেন, 'বিদেশিদের দরজায় টোকা দেওয়া হয়েছে। কিন্তু ওরা খুলেনি, ভেবেছিল এমনিতেই অনুরোধ করতে এসেছে। পরে আমি গিয়েছিলাম। ওরা বলেছে টাকা না পেলে যাব না। আমি বলেছি ওকে তোমরা যা ভালো বুঝো। আমি আর কি করতে পারি, কারণ আমি ওতো প্লেয়ার।'

তাসকিন বলেন, 'আজকের দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি। শুনেছি, টাকা নিয়ে ফরেন প্লেয়ারদের দরজায় নক করছে, তারা খুলেও নাই। আমার লাইফে নতুন একটা অভিজ্ঞতা। হোটেল চেঞ্জ করার পর দেখি বিদেশিরা যাবে না। বোর্ড থেকেও ওদের ফোন দেওয়া হয়েছে। কিন্তু তারা আসে নাই। প্রথম দিকে আমরা মানসিকভাবে ডাউন ছিলাম, পরে তো দেখলেনই ম্যাচ জিতলাম।'