নিজেদের পাতা ফাদে নিজেরাই আটকালো পাকিস্তান

৭৬ রানে ৪ উইকেট নিয়ে মুলতান টেস্টের দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। হারের শঙ্কা তখনই জেগে উঠেছিল। তৃতীয় দিনে ‍মুলতানের ঘুর্ণি উইকেটের জাল ফুঁড়ে বের হতে পারলেন না পাকিস্তানের ক্রিকেটাররা। নিজেদের পাতা স্পিন ফাদে নিজেরাই আটকে গিয়ে ম্যাচ হারতে হলো ১২০ রানে। ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিততে পারলো ওয়েস্ট ইন্ডিজ। তাতে দুই ম্যাচ সিরিজও ড্র হয়েছে ১-১ ব্যবধানে।

তৃতীয় দিনে ক্রিজে ছিলেন সৌদ শাকিল ও অভিষিক্ত পেসার কাশিফ আলি। ৭৬ রান তুলতেই দুজনই ফেরেন সাজঘরে। প্রথমে সৌদকে ফেরান কেভিন সিনক্লেয়ার। এর পর কাশিফকে বোল্ড করেন জোমেল ওয়ারিকান। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ানের ৩৯ রানের জুটি হারটুকু বিলম্বিত করেছেন শুধু। সাত রানের ব্যবধানে শেষ চারটি উইকেট হারিয়ে ২০ ওভারের মধ্যেই ১৩৩ রানে অলআউট হতে হয় স্বাগতিকদের। বাবর আজমের ৩১ রানের পর সর্বোচ্চ ২৫ রান আসে রিজওয়ানের ব্যাটে।

উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা নৈপুণ্য দেখান জোমেল ওয়ারিকান। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ শিকার ধরেন তিনি। ১৯ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফাইফার। হন ম্যাচসেরা। কেভিন সিনক্লেয়ার ৩টি ও গুডাকেশ মোতি ২টি উইকেট নেন। দুই টেস্টে ৮৫ রান ও ১৯ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কারটিও নিজের করে নেন ওয়ারিকান।

মুলতানে প্রথম টেস্টে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে নোমান আলির হ্যাটট্রিকে ১৬৩ রানে আটকে যাওয়ার পরও পাকিস্তানকে ১৫৪-তে বেধে ৯ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা ২৪৪ রান তুললে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৪ রানের। জবাবে ১৩৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।