ছুটেই চলেছেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার রিয়াদে আল ফাতেহকে ৩-১ গোলে হারানোর ম্যাচেও গোল করেছেন তিনি। এ নিয়ে দুই ম্যাচে তিন গোল হলো তার। আর মৌসুমে ১৪ গোল করে রয়েছেন সৌদি প্রো লিগে গোলদাতাদের তালিকার সবার উপরে। এদিন রোনালদো ছাড়াও আল নাসরের হয়ে গোল করেছেন ফরাসি ডিফেন্ডার সিমাকান। বাকি গোলটি আত্মঘাতী। আল ফাতেহর হয়ে এক গোল শোধ করেন মুরাদ বাটনা।
ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাদিও মানের সঙ্গে ছবি শেয়ার করে রোনালদো লেখেন, ‘আমরা থামছি না।’ ম্যাচের ৪১তম মিনিটে আল ফাতেহ’র মারওয়ানে সাদানে আত্মঘাতী গোল করেন। ওই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে রোনালদোর দল।
প্রথম গোলটি আসে ডিফেন্ডার সিমাকানের হেড থেকে। ম্যাচের ৫৭তম মিনিটে অ্যাঞ্জেলোর ফ্রি কিক থেকে হেড করে গোল করেন এই ফরাসি তারকা। ম্যাচের ৭২তম মিনিটে আল নাসরের গোলরক্ষক বেনটোর ভুলে গোল পায় আল ফাতেহ। ডি-বক্সে বেনটোকে চাপে ফেলে আল ফাতেহ'র ফুটবলাররা। তাতে প্রতিপক্ষের কাছে বল দিয়ে দেন তিনি। খালি জালে বল পাঠিয়ে ব্যবধান কমান বাটনা।
কিন্তু ম্যাচের ৮৭তম মিনিটে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাদিও মানের পাস থেকে গোলটি করেন সিআর সেভেন। নিজের ক্যারিয়ারের ৯২০তম গোল পেলেন মহাতারকা। এই জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে আল নাসর। তবে শীর্ষে দুই ক্লাব আল ইত্তিহাদ ও আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩।
বাংলাদেশের ‘ক্যাপটেন’ হতে পারেন তাসকিন
লেস্টারে খেলার সুযোগ না পেয়ে শেফিল্ডে চলে যাচ্ছেন হামজা